ছবি: আপন দেশ
জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি রফতানিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে প্রধানমন্ত্রী এ সহযোগিতা আরও বিস্তৃত করার কথা জানিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কৃষি, প্রযুক্তি ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি রফতানির বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন জানান জাপানের কৃষিমন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্যেই কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহবান জানান।
স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল জাপানে পাঠানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। জাপানি প্রতিনিধিদল এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে। একই সঙ্গে বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রফতানি বাড়ানো এবং প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
জাপানের সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেয় জাপানি পক্ষ। প্রধানমন্ত্রী এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
আরও পড়ুন <<>> সরকার পতনের হুমকি দিলে জবাব রাজপথেই দেয়া হবে: ইশরাক
রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান ১৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেয়। তবে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। তিনি সুবিধাজনক সময়ে সফরের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষি ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























