Apan Desh | আপন দেশ

পুরো ঢাকা মনিটরিংয়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ২৯ এপ্রিল ২০২৬

পুরো ঢাকা মনিটরিংয়ে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন

ছবি : আপন দেশ

১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা মনিটরিং করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। এছাড়াও নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নে ৯টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করেছে ডিএমপি।

বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে এসব অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে—এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। 

আলী হোসেন ফকির বলেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, এটি অপরাধের ধরনও বদলে দিচ্ছে। অপরাধীরা নতুন কৌশল ব্যবহার করছে, তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব সফটওয়্যার আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তিনি জানান, এআই-ভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থা দ্রুত অপরাধ চিহ্নিত করতে সহায়তা করবে, এতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

আরও পড়ুন <<>> এনআইডি ডাটাবেজে শিক্ষা সনদ সংযুক্তির নির্দেশ

সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাফিক ব্যবস্থাপনায় জনবল সংকট ও বাড়তি চাপ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। ঢাকা সিটি করপোরেশন ও ডিএমপির যৌথ উদ্যোগে ২৫টি মোড়ে সিগন্যাল ও ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।

এছাড়া হোটেল অকুপ্যান্সি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আবাসিক হোটেলে অবস্থানরত অতিথিদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যা গোয়েন্দা কার্যক্রম ও নিরাপত্তা নজরদারি আরও শক্তিশালী করবে।

এসময় ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) সারওয়ার জানান, ঢাকায় অবস্থানরত ভাড়াটিয়াদের তথ্যও ডিজিটালাইজড করা হবে। পাশাপাশি ১১ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঢাকা মনিটরিং করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়