Apan Desh | আপন দেশ

৮ জেলায় বজ্রাঘাতে নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩২, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩৬, ৩০ এপ্রিল ২০২৬

৮ জেলায় বজ্রাঘাতে নিহত ১৩

ছবি: আপন দেশ

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে একদিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পটুয়াখালী জেলায়। এখানে প্রাণ হারিয়েছেন ৪ জন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে সকাল ৯টার দিকে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নিহত হন। কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন সেতারা বেগম (৫৫)। শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে প্রাণ হারান খালেক হাওলাদার (৫৫)।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা ইউনিয়নে সকাল ৬টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মারা যান মো. শামীম মিয়া (৩৭)। সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সড়ক নির্মাণকাজ চলার সময় বজ্রপাতে নিহত হন সাগর ইসলাম (১৮)।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে দোকানে যাওয়ার পথে বজ্রাঘাতে সুমন মণ্ডল (৩৫) মারা যান। সকাল পৌনে ৭টার দিকে মেয়েকে কোলে নিয়ে বাজারে যাওয়ার সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন <<>> আরও ১৪ বোয়িং বিমান কিনছে সরকার

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় দুপুর সাড়ে ১২টার দিকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মারা যান সাহেরা বেগম (৪০)।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে কীর্তিনাশা নদীতে মাছ শিকার করার সময় বজ্রাঘাতে নিহত হন রাজিব শেখ (৩২)। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

বরগুনা জেলার আমতলী ও পাথরঘাটা উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। পূজাখোলা গ্রামে বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে নিহত হন কৃষক নুরজামাল (৫৪)। পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে মারা যান জেলে আল আমিন।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে আকবর আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সকালে মাঠে ঘাস কাটতে ও ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে রাংসা নদীতে মাছ ধরতে যান তিনি। এসময় হঠাৎ বৃষ্টি ও আকস্মিক বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। মৃত সাদ্দাম কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দিনজুড়ে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই খোলা জায়গায় কাজ করার সময় বা মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়