ছবি : সংগৃহীত
এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ নারী হকি দল। শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে হারতে হয়েছে চাইনিজ তাইপে নারী হকি দলের কাছে।
বুধবার (২৯ এপ্রিল) জিবিকে হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ছিল বাংলাদেশের স্বপ্নের মতো। প্রথম ১৫ মিনিটে লাল-সবুজের মেয়েরা একক আধিপত্য দেখায়।
শুরুর দিকেই একের পর এক আক্রমণে চাপে পড়ে চাইনিজ তাইপে। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক অর্পিতা পালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের চিত্র বদলে যায়। ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে বাংলাদেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চাইনিজ তাইপে খেলায় নিয়ন্ত্রণ নিতে শুরু করে।
১৭ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ওয়াং চিউ গোল করে সমতা ফেরান। এতে ম্যাচে ভারসাম্য ফিরে আসে।
প্রথমার্ধ ১–১ সমতায় শেষ হয়। বিরতির পর বাংলাদেশের খেলায় অগোছালো ভাব দেখা যায়। আক্রমণে বেশি মনোযোগ দিতে গিয়ে রক্ষণে ফাঁক তৈরি হয়।
আরও পড়ুন <<>> বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব
৩২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর মধ্যেই চোট পেয়ে কিছু সময়ের জন্য মাঠ ছাড়েন অধিনায়ক অর্পিতা পাল। এতে দল আরও চাপে পড়ে।
৪০ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। স্কোরলাইন হয় ৩–১। পরে অর্পিতা মাঠে ফিরলেও পরিস্থিতি তখন অনেকটাই কঠিন হয়ে যায়।
শেষ ২০ মিনিটে সর্বোচ্চ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। একটি গোল শোধ করলেও ব্যবধান কমানো যায়নি। ফলে ফাইনালে লড়াই করেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী হকি দলকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























