ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারে বিএনপি। এমন তথ্যই জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ড. মাহদী আমিন বলেন, ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বিএনপি। ইশতেহার বিষয়ে দলের সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
আরও পড়ুন<<>>সোমবার বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
ইশতেহারের পাশাপাশি, দলের ৩১ দফা ও ২৭ দফা নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কার্যক্রমের আলোকে ইশতেহার প্রায় প্রস্তুত।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, এসব অপতথ্যের সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।
তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা ও পুরোনো বয়ান নতুন করে ছড়িয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে। একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অশালীন ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হচ্ছে।
মাহদী আমিন বলেন, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে ওই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে অপতথ্য ও ব্যক্তিগত আক্রমণের কৌশল বেছে নিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (০৪ ফেব্রুয়ারি) তার নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুর সফর করবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































