ছবি: আপন দেশ
অবৈধভাবে ভোটের সিল প্রস্তুতের অভিযোগে লক্ষ্মীপুরে একটি প্রেসের মালিককে আটক করেছে পুলিশ। অভিযানে ছয়টি ভোটের সিল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোবাইলফোন ও একটি কম্পিউটার।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত ‘মারইয়াম প্রেস’ থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সোহেল রানা। তিনি ওই প্রেসের স্বত্বাধিকারী। তার বাড়ি সদর উপজেলার টুমচর এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রেসটিতে অভিযান চালানো হয়। অভিযানে ভোটের ব্যালট পেপারে ব্যবহৃত ছয়টি সিল পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ।
আরও পড়ুন <<>> নির্বাচন না হওয়ার সুযোগ নেই: সেনা প্রধান
ম্যাজিস্ট্রেটের নির্দেশে সিলগুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি মোবাইলফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়। এ সময় প্রেস মালিক সোহেল রানাকে আটক করা হয়।
আটক সোহেল রানা দাবি করেন, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছিলেন। তবে কারা অর্ডার দিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এ প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এ ধরনের কাজ সম্পূর্ণ অবৈধ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































