Apan Desh | আপন দেশ

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেয়ার সুযোগ পাচ্ছেন বিএনপির প্রধান তারেক রহমান। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় এ গণমাধ্যমে তিনি জাতির উদ্দেশে নির্বাচনি ভাষণ দেবেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রচারণা পরিবেশ জরুরি। বিটিভিতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাও এ প্রক্রিয়ার অংশ। সে কারণে দলগুলোর প্রধানদের জন্য নির্ধারিত স্লট বরাদ্দের নির্দেশনা দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুযায়ী আবেদন পাওয়ার ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল ও রেকর্ডিংয়ের দিন-তারিখ বিটিভি সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবে।

আরও পড়ুন <<>> গানম্যানসহ ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীর প্রবেশের চেষ্টা, অতঃপর...

ইসি জানিয়েছে, এখন পর্যন্ত কেবল বিএনপিই বিটিভিতে প্রচারের জন্য আবেদন করেছে। সে কারণে দলটির প্রধান তারেক রহমানকে তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেয়ার সুযোগ দিতে বলা হয়েছে। অন্য দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সময় দেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়