Apan Desh | আপন দেশ

রমজানের আগেই মাংসের বাজারে ‘আগুন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৮:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

রমজানের আগেই মাংসের বাজারে ‘আগুন’

মুসলমানদের আত্মসংযমের মাস রমজান। বাঙালিদের মাঝে শবে-বরাতকে কেন্দ্র করে হালুয়া, চালের রুটি ও গরুর মাংস খাওয়ার প্রচলন রয়েছে। তবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ধর্মীয় বিশ্বাসের পরিবর্তনে এসব আয়োজন এখন নেই বললেই চলে। বাজারে পণ্যের দামের যে অবস্থা সেখানে হালুয়া, রুটি আর গরুর মাংস; কেবল বিলাসিতাই মনে করছেন সাধারণ মানুষ। 

এদিকে রমজানের আগেই বাড়তে শুরু করেছে মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫০ টাকা। মাংসের লাগামছাড়া দাম চিন্তা বাড়াচ্ছে ক্রেতাদের। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। 

গত সপ্তাহেও প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭০০ টাকা কেজিতে। চড়া দামের জন্য বরাবরের মতোই নানা অজুহাত বিক্রেতাদের। বাড়তি দামের জন্য গরুর উচ্চ মূল্যকে দায়ী করছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। 

নির্বাচনের আগে ৭৫০-৮০০ টাকা পর্যন্ত উঠেছিল গরুর মাংসের দাম। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে তা নেমে আসে ৬০০ টাকায়। নির্বাচন শেষ হতে না হতেই আবারও উর্ধ্বমুখী গরুর মাংস। এমন পরিস্থিতিতে রোজার বাজার নিয়ে চিন্তায় পড়েছেন ভোক্তারা।

আরও পড়ুন>> পানির দাম বাড়ছে: ধনীর বেশি, গরিবের কম

ডিমের দামও বাড়তি। নতুন করে দাম না বাড়লেও কিনতে হচ্ছে আগের মতোই ১৪০-১৪৫ টাকা ডজনে। আর ব্রয়লার মুরগি কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ২০০ টাকা। বাজারে পেঁয়াজের দামও অপরিবর্তিত। প্রতিকেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ১২০ টাকায়। একই সঙ্গে চড়া দামে আদা-রসুন বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা দরে।

অন্যদিকে মুদি বাজারে প্রতি কেজি চিনির দাম ১৫০ টাকা, ছোলা ১২০ টাকা, মসুর ডাল ১২০-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

অবশ্য কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। শীম, টমেটোসহ বেশিরভাগ শীতের সবজি কেনা যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে করলা ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়