ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরকে সামনে রেখে গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় করতোয়া নদী খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার শুধু খাল বা নদী খনন করেই দায়িত্ব শেষ করবে না। খননের পর উত্তোলিত মাটি যাতে পুনরায় নদী-খালে জমা না হয়, সে লক্ষ্যে ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে খননকৃত মাটি অপসারণ করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নদীতে সংরক্ষিত পানি কৃষিকাজে ব্যবহারের মাধ্যমে ধানসহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন বাড়বে। এতে কৃষক ও সাধারণ মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়।
আরও পড়ুন<<>>মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
পরিদর্শনকালে সংরক্ষিত নারী আসনের এমপি মমতাজ আলো, পানিসম্পদ সচিব, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মনির উজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী আবু সায়েম শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ০৫ ডিসেম্বর গাইবন্ধা সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































