Apan Desh | আপন দেশ

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ নভেম্বর ২০২৬

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বিস্ফোরণে বাড়ির জানালার কাচ ভেঙে গেছে।

বিস্ফোরণের একটি স্প্লিন্টার ঘরের ভেতরেও প্রবেশ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির সিসিটিভি ক্যামেরায় ককটেল নিক্ষেপ করে এক যুবকের দ্রুত পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটে এক যুবক বাড়ির সামনে এসে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন<<>>গাইবান্ধায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও বিস্ফোরণের আলামত উদ্ধার করে। 

বিএনপি নেতা অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, রাত দুইটার দিকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে ঘটনার বিষয়ে জানতে পারেন। সারা দেশে চলমান নৈরাজ্য ও সহিংসতার অংশ হিসেবে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়