ছবি: আপন দেশ
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত দুজন হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে তাদের সঙ্গে বাসের লোকজনের বাগবিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাদের সঙ্গে বাসের লোকজনের তর্ক বাধে। একপর্যায়ে তাদের ধস্তাধস্তি হয়। অভিযোগ, তখন বাসের লোকজন লাথি মেরে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেন।
পরে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।
আরও পড়ুন<<>>শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১১ কারখানা বন্ধ
গাড়িতে থাকা একই এলাকার আরেক যাত্রী আতিক বসুনিয়া বলেন, আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিছে, আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে, স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেয়া হয়েছে।
তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































