Apan Desh | আপন দেশ

রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৫ নভেম্বর ২০২৬

রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস

ছবি : সংগৃহীত

মহাকাশ প্রযুক্তিতে আবারও ইতিহাস গড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। রকেট উৎক্ষেপণের পর সেটিকে মাঝআকাশে ধরে ফেলার অভূতপূর্ব দৃশ্য দেখল বিশ্ব। এ বিস্ময়কর প্রযুক্তিগত সাফল্য মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা পর শনিবার টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে মহাকাশযানটিকে সফলভাবে ধরে ফেলে প্রতিষ্ঠানটি। তবে উৎক্ষেপণের পর প্রথম ধাপের বুস্টার বিস্ফোরিত হওয়ায় পরিকল্পনা অনুযায়ী দুটি অংশই উদ্ধার করা সম্ভব হয়নি।

এবারই প্রথম মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপকে যান্ত্রিক বাহুর সাহায্যে ধরে অবতরণ করানো হলো। 

স্পেসএক্সের প্রত্যাশা ছিল, মহাকাশযানটির পাশাপাশি এর বুস্টারও সফলভাবে উদ্ধার করা হবে। কিন্তু শুক্রবার উৎক্ষেপণের পরপরই বুস্টারটি বিস্ফোরিত হওয়ায় সে পরিকল্পনা ভেস্তে যায়।

বুস্টারের ধ্বংসাবশেষ মেক্সিকো উপসাগরে পড়ে থাকে। সেগুলো ঘিরে বয়া দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়।

অন্যদিকে স্টেইনলেস স্টিলের তৈরি স্টারশিপটি সফলভাবে উৎক্ষেপণকেন্দ্রে ফিরে এসে খাড়াভাবে অবস্থান নেয়। পুরো ঘটনাটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের চলচ্চিত্রের দৃশ্যের মতো। 

স্পেসএক্সের ধারাভাষ্যকার ড্যান হুয়ট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্বাস করতে পারছেন?

আরও পড়ুন <> বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক মাইক্রোসফটের সেবা

স্পেসএক্সের কর্মকর্তারা বলছেন, স্টারশিপকে এভাবে ধরে ফেলার মধ্য দিয়ে মহাকাশযানটির পুনর্ব্যবহারের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য তৈরি করা হচ্ছে এই মহাকাশযান। 

বুস্টার উদ্ধারের এবারের চেষ্টা ব্যর্থ হলেও এর আগে তিনবার সফলভাবে বুস্টার ধরে পুনরুদ্ধার করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী কয়েক বছরের মধ্যে আর্টেমিস অভিযানের নভোচারীদের চাঁদে নামানোর জন্য স্টারশিপ তৈরি করতে স্পেসএক্সকে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছে সংস্থাটি। চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মহাকাশযানটি। তবে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের লক্ষ্য আরও বড়। স্টারশিপের বহর পাঠিয়ে মঙ্গল গ্রহে একটি শহর গড়ে তুলতে চান তিনি।

বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের উচ্চতা ৪০৭ ফুট বা ১২৪ মিটার। শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে টেক্সাসে স্পেসএক্সের উৎক্ষেপণকেন্দ্র থেকে এটি যাত্রা শুরু করে। প্রথমে বুস্টার থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটির ওপরের অংশ। এরপর সেটি পৃথিবীর কক্ষপথে পৌঁছে ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে।

পৃথিবী থেকে ১৬৫ মাইল বা ২৬৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে স্টারশিপটি পৃথিবী প্রদক্ষিণ করতে থাকে। এ সময় স্টারলিংক নেটওয়ার্কের মাধ্যমে মহাকাশযান ও পৃথিবীর দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। পুরো অভিযানে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে মহাকাশযানটি। আগের অভিযানে এটি মাত্র এক থেকে দুইবার প্রদক্ষিণ করতে পেরেছিল।

২০২৩ সালে পূর্ণাঙ্গ স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরুর পর এটি ছিল স্পেসএক্সের ১৫তম ফ্লাইট। তবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর দিক থেকে এটি ছিল দ্বিতীয় সফল অভিযান।

স্পেসএক্স জানিয়েছে, মহাকাশযানটির গুরুত্বপূর্ণ তাপরোধী আবরণসহ (হিট শিল্ড) সব ব্যবস্থা ঠিকঠাক কাজ করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

তবে বুস্টার উদ্ধারের চেষ্টা কেন ব্যর্থ হলো, তা খতিয়ে দেখছেন প্রকৌশলীরা। স্পেসএক্সের কর্মকর্তা কেট টাইস জানান, পৃথিবীতে ফিরে আসার সময় বুস্টারের ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। 

বুস্টারের দিকনির্দেশনা ব্যবস্থা বুঝতে পারে, সেটি সঠিক অবস্থানে নেই। এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটিকে পানিতে অবতরণের পথে পাঠানো হয় এবং ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। কী কারণে এমনটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন <> নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহবান প্রত্যাখ্যান আইজেনকোটের

আগামী কয়েক মাসের মধ্যে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্টারশিপ উৎক্ষেপণ শুরু করতে চায় স্পেসএক্স। নাসার পরবর্তী আর্টেমিস অভিযানের প্রস্তুতির ক্ষেত্রেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ওই অভিযানে চাঁদে অবতরণ না করে পৃথিবীর কক্ষপথেই অবস্থান করবেন নভোচারীরা। সেখানে চাঁদে অবতরণের জন্য ব্যবহৃত মহাকাশযানের সঙ্গে সংযুক্ত হওয়ার অনুশীলন করবেন তারা।

আর্টেমিস-৩ অভিযানের চার নভোচারী তাদের মহাকাশযানকে স্টারশিপের পাশাপাশি ব্লু অরিজিনের তৈরি ব্লু মুনের সঙ্গেও সংযুক্ত করার চেষ্টা করবেন। চাঁদের পৃষ্ঠে নভোচারীদের পৌঁছে দেয়ার দায়িত্ব পর্যায়ক্রমে পালন করবে স্পেসএক্স ও ব্লু অরিজিন। 

অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে ২০২৮ সালের প্রথম দিকে আর্টেমিস-৪ অভিযান পরিচালনার পরিকল্পনা করছে নাসা। 

এ অভিযানের মধ্য দিয়ে অ্যাপোলো যুগের পর আবারও চাঁদে মানুষের অবতরণের স্বপ্ন পূরণের আশা করছে সংস্থাটি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়