Apan Desh | আপন দেশ

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১৫ নভেম্বর ২০২৬

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন 

ছবি : সংগৃহীত

গ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ড কর্তৃপক্ষ।

পরিবার ও ব্যান্ডের দেয়া বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে মারা যান স্টারবান। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতায় তার মৃত্যু হয়েছে।

১৯৭২ সাল থেকে ‘দ্য ওক রিজ বয়েজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন স্টারবান। এর আগে তিনি সংগীতসম্রাট এলভিস প্রিসলির ব্যাকআপ গায়ক হিসেবে কাজ করতেন। সেই কাজ ছেড়ে তিনি যোগ দেন এ ভোকাল গ্রুপে। দলটির জনপ্রিয় গান ‘এলভিরা’ বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে।

দীর্ঘদিন ব্যান্ডের সঙ্গে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন স্টারবান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালে তার নিয়মিত সফর ও পরিবেশনা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন <> তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেফতার

‘দ্য ওক রিজ বয়েজ’ তাদের সংগীতজীবনে পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে এবং ২৩ বার এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশন করেছে। পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান এবং ‘গ্র্যান্ড ওলে অপ্রি’-তেও পারফর্ম করেছে তারা।

এ ছাড়া কিংবদন্তি সংগীতশিল্পী জনি ক্যাশের সঙ্গে সফর করেছে দলটি। পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিং স্লাইডিন’ অ্যাওয়ে’-তেও ব্যাকআপ ভোকাল দিয়েছিল তারা।

রিচার্ড স্টারবানের মৃত্যুতে কান্ট্রি ও গসপেল সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়