Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৫, ১৫ নভেম্বর ২০২৬

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ছবি: সংগ্রহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখার জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) উপত্যকার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এ হামলা হয়।

রোববার (১৫ নভেম্বর) ভোরে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। এক প্রতিবেদনে সে বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

নিহত কমান্ডারের নাম সামির আবু ইউনিস। তার বয়স ৫৩ বছর। তিনি রাফা ব্রিগেডের কমান্ডার ছিলেন।

গাজার স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের মাওয়াসি এলাকায় একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি নিহত হন। আহত হন আরও কয়েকজন।

হামাসের ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংগঠনটির সশস্ত্র শাখায় যোগ দেন আবু ইউনিস। রাফা এলাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন। পরে রাফা ব্রিগেডের কমান্ডার হন। রোববার বিকেলে খান ইউনিসে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন<<>>ট্রাম্প-পুতিন-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় বড় ধরনের লড়াই বন্ধ হলেও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। অন্যদিকে শর্ত অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণও নিশ্চিত করা যায়নি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে সেখানে ইসরায়েলের ৫ সেনাও নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ওই বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়