Apan Desh | আপন দেশ

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন

বরগুনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ৯ নভেম্বর ২০২৬

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন

ছবি: আপন দেশ

নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দিয়েছেন বরগুনার ঠিকাদাররা। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দফতরের চলমান টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন তারা।

সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদার ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বরগুনা এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদফতর, গণপূর্ত, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দফতরের ঠিকাদাররা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়ায় নির্মাণসামগ্রীর বর্তমান বাজারদরের সঙ্গে সরকারি কাজের নির্ধারিত ব্যয়ের সমন্বয় করা যাচ্ছে না। ফলে চলমান বাজারদরে নির্মাণকাজ সম্পন্ন করতে গিয়ে ঠিকাদাররা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। 

আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

তারা বলেন, ন্যায্য রেট শিডিউল ছাড়া সরকারি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ সময় বক্তারা এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদফতর, গণপূর্ত, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দফতরের লাইভে থাকা টেন্ডারগুলো বাতিলের দাবি জানান। পাশাপাশি নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো টেন্ডার প্রক্রিয়ায় অংশ না নেয়ার ঘোষণা দেন।

বক্তারা আরও বলেন, তারা সবাই ঐক্যবদ্ধভাবে ন্যায্য রেটের দাবিতে আন্দোলন করছেন। দ্রুত নতুন রেট শিডিউল প্রকাশ করে ঠিকাদারদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে ঠিকাদারদের পক্ষ থেকে তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি বরগুনা জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়