ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়।
সোমবার (০৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবুল (৬৫), চাঁদপুরের ফরিদগঞ্জে ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুর বেগম (৫০) ও রামগতি উপজেলার চরসীতা গ্রামের আশরাদের ছেলে আশিক (২৫)।
আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি কমাননি। এতে ঘটনাস্থলে বাস উল্টে যায়।
আরও পড়ুন<<>>ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাস উল্টে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































