ছবি: আপন দেশ
জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে ইউনুছ আলী তার প্রতিবেশী ২৩ বছর বয়সী এক নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। পরে ওই নারীর ফোন নম্বর সংগ্রহ করে মোবাইলেও কুপ্রস্তাব ও উত্যক্ত করতেন।
বিষয়টি ইউনুছ আলীর অভিভাবকদের জানানো হলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে ২০১৬ সালের ০৬ সেপ্টেম্বর রাতে ওই নারী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুছ আলী তাকে ধর্ষণ করেন।
আরও পড়ুন<<>>মাদকসহ ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউনুছ আলীকে আটক করেন।
পরদিন ইউনুছ আলীর বাবা-মা ডাংধরা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ওই রাতেই তাদের বিয়ে দেয়ার সম্মতি জানান। পরে ইউপি চেয়ারম্যান নিজের জিম্মায় ইউনুছ আলীকে ছাড়িয়ে নেন।
তবে এরপর থেকে ইউনুছ আলী বিয়ে করতে টালবাহানা শুরু করেন। বিয়ে না করায় ০৮ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এ ঘটনার পর ২৯ সেপ্টেম্বর ওই নারী জামালপুর আদালতে ইউনুছ আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে সোমবার আদালত রায় ঘোষণা করেন। দীর্ঘ ১০ বছর পর এ রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































