Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গলাচিপায় অভিভাবক সমাবেশ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১২ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গলাচিপায় অভিভাবক সমাবেশ

ছবি: আপন দেশ

‎‎পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। 

শিক্ষিত মা এক সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল-এ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) সারে ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন মনির তালুকদার, নাজমুল হাসান, মো. রেজাউল ইয়াসিন, মো. রুহুল আমিন, আবদুল করিম মোল্লা ও জালাল আহমেদ, জাহিদুল ছালামসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী। 

বক্তারা বলেন, বিদ্যালয় শুধু ইট-পাথরের একটি ভবন নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন, ভবিষ্যৎ ও জীবন গড়ার ভিত্তি। এ বিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, নৈতিকতা শেখে এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি গ্রহণ করে। তাই শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার প্রতিরোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

‎আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, আমাদের বয়স হয়তো কম, কিন্তু আমাদেরও কথা আছে, আমাদেরও অধিকার আছে এবং আমাদেরও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন রয়েছে। আমরা কারও সঙ্গে বিরোধ চাই না। আমরা চাই সমস্যার সমাধান, ন্যায়বিচার, পারস্পরিক সম্মান এবং একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ। আজ আমি একজন শিক্ষার্থী হিসেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা, ছোট বোনদের প্রতি বিশেষ যত্ন, মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের কুফল এবং সম্প্রতি বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে কিছু কথা বলতে চাই। 

আরও পড়ুন<<>>ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা নিয়েছেন ওসি, দাবি ছাত্র নেতার

‎আমরা একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষাব্যবস্থা চাই। আমরা চাই, আমাদের বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হোক। শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে বিদ্যালয়ে আসতে পারে। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে এবং নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের যথাযথ সুযোগ পায়। শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মাধ্যমে আমাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা, দায়িত্ববোধ ও ভালো মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে হবে। 

‎শিক্ষার্থীরা জনান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের বিদ্যালয়ের ছোট ছোট বোনদের নিরাপত্তা, পড়াশোনার অগ্রগতি ও মানসিক সুস্থতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এমন একটি বয়সে রয়েছে, যখন তাদের সঠিক দিকনির্দেশনা, যত্ন, সহানুভূতি ও সহযোগিতা প্রয়োজন। ‎তাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা তাদের প্রতি একটু বিশেষ নজর রাখবেন। তাদের পড়াশোনার অগ্রগতি, মানসিক অবস্থা, বিদ্যালয়ে চলাফেরা এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখবেন। ‎আমাদের বিদ্যালয়ের প্রতিটি মেয়ে নিরাপদ পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা করুক এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক। 

‎বক্তারা অভিভাবকদের জানান, মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। বর্তমানে মাদকাসক্তি আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদক একজন শিক্ষার্থীর পড়াশোনা, স্বাস্থ্য, পারিবারিক জীবন ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বিদ্যালয় ও আশপাশের পরিবেশ মাদকমুক্ত রাখতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎একই সঙ্গে অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিষয়েও আমাদের সচেতন হওয়া জরুরি। মোবাইলের সঠিক ব্যবহার জ্ঞান অর্জন ও শিক্ষার ক্ষেত্রে সহায়ক হতে পারে। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার পড়াশোনায় অমনোযোগ, সময়ের অপচয় এবং বিভিন্ন সমস্যার কারণ হতে পারে।

‎তাই শিক্ষার্থীদের শুধু নিষেধ করলেই হবে না; তাদের বোঝাতে হবে, সচেতন করতে হবে এবং খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বই পড়া ও অন্যান্য সৃজনশীল কাজে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

‎সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়