Apan Desh | আপন দেশ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা নিয়েছেন ওসি, দাবি ছাত্র নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৬, ১২ অক্টোবর ২০২৬

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা নিয়েছেন ওসি, দাবি ছাত্র নেতার

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুর সদর থানার সাবেক ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন সাবেক ছাত্রনেতা মো. আব্দুর রহমান বিপ্লব। এ সময় ওসির বিরুদ্ধে ২০১৮ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক, শারীরিক নির্যাতন, বিদ্যুৎ শক দেয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ করেন।

‎সোমবার (১২ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। ওই সময় তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক ক্যাম্পাস সেক্রেটারি ছিলেন।

লিখিত বক্তব্যে আব্দুর রহমান বিপ্লব অভিযোগ করে বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সকালে তৎকালীন ওসি লোকমান হোসেনের নির্দেশে পুলিশ শহরের উত্তর তেমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার চোখ বেঁধে হাতকড়া পরানো হয়। পরে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, ২০১৯ সালের ০৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে বিদ্যুৎ শক দেয়া হয়। এরপর গভীর রাতে পুলিশ সদস্যরা তাকে গাড়িতে তুলে রামগতি উপজেলার চর আলেকজান্ডার বেড়িবাঁধে নিয়ে যান। সেখানে মারধরের পাশাপাশি তাকে হত্যার ভয় দেখিয়ে শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় বলেও জানান তিনি। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৪৫ সদস্য আটক

 বিপ্লব আরও দাবি করেন, তাকে রামগতি থানায় নিয়ে নির্যাতন করা হয় এবং শরীরে ইনজেকশন পুশ করা হয়। এরপর লক্ষ্মীপুর সদর থানায় নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে সদর হাসপাতালে ভর্তি করতে হয়।

‎লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে তার বাবার কাছে এক কোটি টাকা দাবি করেন ওসি লোকমান হোসেন।  পরে দালালদের মাধ্যমে ৭০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। তার দাবি, সকাল ১০টার আগেই তার বাবার কাছ থেকে ওই টাকা নেয়া হয়। এ সময় তার বাবা, মা ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

‎তিনি আরও বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ থেকে ৮টি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। ‎ এসব নির্যাতন ও মিথ্যা মামলার কারণে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। তার পরিবারেরও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে বিপ্লবসহ ক্ষতিগ্রস্ত কয়েকজন ভুক্তভোগী বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তৎকালীন সময় বিভিন্ন সংগঠনের একাধিক ছাত্রনেতা ও কর্মী নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানির শিকার হয়েছিলেন। তাদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা চাকরিতে বহাল রয়েছেন। এ ঘটনায় তৎকালীন ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান আব্দুর রহমান বিপ্লবসহ ভুক্তভোগীরা।

‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রসঙ্গত, অভিযুক্ত সাবেক ওসি লোকমান হোসেন পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ কর্মরত আছেন বলে জানা গেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়