ছবি: আপন দেশ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার লক্ষ্য শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর আশরাফুল হুদা, ডিরেক্টর অব একাউন্ট এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) মানব সম্পদ উন্নয়ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
আরও পড়ুন<<>>ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা
এসময় উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মো. রফিকুল ইসলাম ও পরিচালকবৃন্দ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এ চুক্তির ফলে শিক্ষা, তথ্য-প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্র তৈরি হবে।
সমঝোতা স্মারকের আওতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাকাব-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। পাশাপাশি, ব্যাংকের সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ সার্বিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
অন্যদিকে, এ সমঝোতার মাধ্যমে রাকাব-এর কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং তাদের স্ত্রী ও ছেলে-মেয়ে এনবিআইইউ-এর বিভিন্ন অ্যাকাডেমিক প্রোগ্রামে ভর্তি ও টিউশন ফি-তে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এনবিআইইউ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাউন্সিলিং সহায়তা নিতে পারবেন। উভয় কর্তৃপক্ষের মতে, এ সমঝোতা স্মারকটি উত্তরাঞ্চলের ব্যাংকিং খাত এবং উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ভূমিকা পালন করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































