Apan Desh | আপন দেশ

টাঙ্গাইল বাস টার্মিনাল ৪৫ বছরেও বদলায়নি, বাড়ছে জনদুর্ভোগ

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৪, ২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল বাস টার্মিনাল ৪৫ বছরেও বদলায়নি, বাড়ছে জনদুর্ভোগ

ছবি : আপন দেশ

ছয় একর জায়গার ওপর ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার টাঙ্গাইল নতুন বাস টার্মিনালের উদ্বোধন করেন। দীর্ঘ ৪৫ বছর অতিবাহিত হলেও এ টার্মিনালের আর নতুন করে কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

টাঙ্গাইল শহর বড় হয়েছে। স্ট্যান্ডে গাড়ির সংখ্যা বেড়েছে। গাড়ির রুট বেড়েছে। কিন্তু বাড়েনি নতুন বাসটার্মিনালের জায়গার পরিমাণ। ফলে নতুন বাসস্ট্যান্ড এলাকাজুড়ে গাড়ির জট এখন নিত্যদিনের ঘটনা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন রুটের লক্কড়-ঝক্কর বাস। এতে জনদুর্ভোগ কমছেই না।

বিশেষ করে টাঙ্গাইল-ময়মনসিংহ রুটে ফিটনেসবিহীন প্রান্তিক গাড়ির সংখ্যা অনেক বেশি। সেবার মানও খুবই খারাপ বলে অভিযোগ বাস যাত্রীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস টার্মিনালের উত্তর-পূর্ব প্রান্তে সারি সারি লক্কর-ঝক্কর প্রান্তিক গাড়ি দাঁড়িয়ে আছে। এগুলোর অধিকাংশই সড়কে চলাচলের জন্য অনুপযোগী।

গাড়িচালক রুবেল ও আলমাস বলেন, মালিক যে গাড়ি দেয়, আমরা তাই চালাই। ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কর গাড়ির জন্য দায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিক।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

এ বিষয়ে ঢাকা রুটে চলাচলকারী নিরালা পরিবহনের যাত্রী সৃষ্টি অ্যাকাডেমিক কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র হাসান ও ধলেশ্বরী পরিবহনের যাত্রী এএসআই শাজাহানের সঙ্গে কথা হয়। তারা বলেন, গাড়ির সিটগুলো ভালো না। ছারপোকায় ভরা। এগুলো আধুনিকায়ন করলে ভালো হয়। তবে নির্ধারিত সময়ে গাড়িগুলো ছাড়ে এবং পৌঁছায়। সিটিং সার্ভিস হলেও বিভিন্ন স্পটে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলেন। এটা অবশ্যই বন্ধ করতে হবে।

টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, আমি দায়িত্ব নেয়ার পর বিভিন্ন রুট থেকে লক্কড়-ঝক্কর বাস অপসারণ ও যানজট নিরসনে মালিক সমিতির পক্ষে দিনরাত কাজ করছি। এ ছাড়া নিরালা বাস কাউন্টারের জন্য নতুন করে জায়গার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীরা গাড়িতে নিরাপত্তা চায়। পরিবহন যেমনই হোক, তারা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। সরকারের পক্ষ থেকে নিরালা পরিবহনের কাউন্টার উচ্ছেদের পর আমরা দায়িত্ব নিয়েই নতুন জায়গার ব্যবস্থা করেছি। এ ছাড়া নতুন বাস স্ট্যান্ডে যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ বলেন, শহরে ধারণ ক্ষমতার অতিরিক্ত সিএনজি, অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। বিশেষ করে অটোগুলো যেন দুই শিফটে চলাচল করে। এ ব্যাপারে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণ সমন্বয় করা হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুতই যানজট নিরসন হবে। শহরের যানজট কমলে, নতুন বাসস্ট্যান্ডের যানজট অটোমেটিক কমে আসবে। তবে একটু সময় লাগবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়