ছবি : আপন দেশ
আজ শনিবার, ১৫ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এইদিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়।
দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে কোনো ট্রাক বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশ থেকেও কোনো ট্রাক ওপারে যাবে না। রোববার সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ওপার থেকে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে, স্বাধীনতা দিবসের কারণে আজ তারা কোনো বাণিজ্যিক কার্যক্রম চালাবেন না। ফলে একদিনের জন্য এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
এদিকে, বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান।
আরও পড়ুন : তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিনি বলেন, দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা নির্ধারিত নিয়ম মেনে আগের মতোই যাতায়াত করতে পারছেন। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পূর্ণ সচল রয়েছে।
আপন দেশ/এবি/এনএম
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































