Apan Desh | আপন দেশ

কার্যালয় দখল-পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ১০ আগস্ট ২০২৬

কার্যালয় দখল-পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয় দখল নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিরোধের জেরে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির কাছে তিনটি পৃথক প্রস্তাবিত কমিটি জমা পড়েছে।

সোমবার (১০ আগস্ট) পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে জেলা কমিটি।

সরেজমিনে জানা যায়, মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির নিয়ন্ত্রণ ও নেতৃত্ব নিয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাসুম হাসনাইন বাবু রাজ এবং দফতর সম্পাদক আ. সামাদ ওরফে ছালামের পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে।

বাবু রাজের পক্ষের অভিযোগ, দফতর সম্পাদক ছালাম তার লোকজন নিয়ে সমিতির প্রধান কার্যালয় অবৈধভাবে দখল করেছেন। দখলকারীরা কার্যালয় থেকে সাধারণ সম্পাদকের নামফলক সরিয়ে ফেলেছেন। তার ব্যক্তিগত আসবাবপত্রও বাইরে ফেলে দেয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে ছালামের পক্ষ। তাদের দাবি, তারা কার্যালয় দখল করেনি। বর্তমান সাধারণ সম্পাদক বাবু রাজ নিয়মিত কার্যালয়ে আসেন না। তাই তার ব্যক্তিগত আসবাবপত্রগুলো সরিয়ে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান সাধারণ সম্পাদক মাসুম হাসনাইন বাবু রাজ তার মালিকানাধীন গাড়ি মধুপুর উপজেলা বিএনপির নেতা প্রিন্সের নামে এফিডেভিট করে তাকে সমিতির সদস্য করতে চেয়েছিলেন। পরে তিনি প্রিন্সকে বাদ দিয়ে মুকুল সিদ্দিকীকে সদস্যপদ দেন। এ নিয়ে সমিতির সদস্যদের মধ্যে মতবিরোধের শুরু হয়।

আরও পড়ুন <<>> প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিক নিহত

অভ্যন্তরীণ কোন্দল ও কার্যালয়কেন্দ্রিক বিরোধের জেরে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির কাছে তিনটি পৃথক প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছে।

প্রথম প্রস্তাবে সভাপতি করা হয়েছে মুকুল সিদ্দিকীকে। সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে মাসুম হাসনাইন বাবু রাজকে।

দ্বিতীয় প্রস্তাবে সভাপতি আ. সামাদ ওরফে ছালাম। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। তৃতীয় প্রস্তাবে সভাপতি মাসুম হাসনাইন বাবু রাজ। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

কার্যালয় দখল এবং তিনটি পৃথক কমিটি জমা দেয়ার ঘটনায় সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা যেকোনো সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তারা জেলা কমিটির হস্তক্ষেপও চেয়েছেন।

মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক আল-আমিনসহ সাধারণ মালিকরা জানান, বর্তমান কমিটির সভাপতি অধ্যক্ষ নাছির উদ্দিন খান আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় নিজেকে গুটিয়ে নিয়েছেন।

তারা বলেন, নতুন কমিটি গঠন নিয়ে সমিতির দ্বন্দ্বের অবসান জেলা কমিটিই করতে পারবে। তবে সমিতিকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখার দাবি তাদের। শুধু মালিক ও ব্যবসায়ীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান তাঁরা। জেলা কমিটির সিদ্ধান্তকে তারা স্বাগত জানাবেন।

মধুপুর উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, ২০২২ সালে ২৮ জন বাস-মিনিবাস মালিক নিয়ে সমিতির মধুপুর শাখা গঠন করা হয়। মালিকরা সাধারণত সন্ধ্যার পর সমিতির কার্যালয়ে আসেন।

তিনি বলেন, বর্তমান কমিটির দফতর সম্পাদক আ. সামাদ ওরফে ছালামের পক্ষের লোকজন দুপুরের দিকে কার্যালয়টি দখলে নেন। এটি ন্যক্কারজনক ঘটনা। তবে এখানকার মালিকরা জেলা কমিটির সুচিন্তিত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে জেলা কমিটির সদস্যসচিব নিলুফার ইয়াসমিন খান জানান, মধুপুর সমিতির বিরোধের বিষয়টি তাদের নজরে এসেছে। তিনটি পৃথক প্রস্তাবিত কমিটিও তাঁরা পেয়েছেন। তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে সমন্বিত সিদ্ধান্ত নেবেন।

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান খান জানান, সাধারণ পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।

তিনি বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সুশৃঙ্খল একক কমিটি গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়