ছবি: আপন দেশ
নড়াইলে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে একদল ডাকাত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সালাহ উদ্দীন খাঁনের হাত বেঁধে আলমারির চাবি ছিনিয়ে নেয় তারা। পরে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ভুক্তভোগী ও তার ছেলে আশিকুর রহমানকে হাত বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় সালাহ উদ্দীন খাঁন নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি এবং নড়াগাতী থানার একাধিক দল অভিযান শুরু করে।
পুলিশ জানায়, গত ২ থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাত এবং লুণ্ঠিত মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত এক স্বর্ণকারকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গলিত লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়।
আরও পড়ুন <<>> টাঙ্গাইলে এক সপ্তাহে পাঁচ হত্যাকাণ্ড
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পাখিমারা গ্রামের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল বলেও জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে নড়াইল, খুলনা, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































