Apan Desh | আপন দেশ

বাঘায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:০০, ২০ জুন ২০২৬

বাঘায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

ছবি : আপন দেশ

রাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পর্শে মামুন প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পর্শের পর সারারাত তার মরদেহ খুঁটিতেই ঝুলন্ত অবস্থায় ছিল। 

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাটি উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া মাঠ এলাকায় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঘটে। নিহত মামুন প্রামাণিক আড়ানী পৌরসভার গোচর মহল্লার বাসিন্দা ভাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা মহসীন আলী জানান, সকালে বেগুন তুলতে মাঠে গিয়ে তিনি বিদ্যুতের খুঁটিতে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের খবর দিলে ঘটনাটি প্রকাশ পায়।

স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে মামুন প্রথমে একটি খুঁটিতে ওঠেন। পাশের খুঁটিতে একটি ট্রান্সফরমার ছিল। ঘটনাস্থল থেকে একটি বাঁশ, লোহার রড এবং কাটা বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, একটি তার কাটার পর দ্বিতীয় তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হন। কাজ করার সময় গামছা দিয়ে নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখায় মৃত্যুর পরও তিনি খুঁটিতেই ঝুলে ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন বলেন, ‘মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং চুরির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আমাদের পরিবারের কোনো দাবি নেই।’

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, তাদের একটি প্রতিবন্ধী মেয়ে (১৪) ও এক ছেলে (১২) রয়েছে। স্বামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি সন্তানদের নিয়ে বাঘায় বাবার বাড়িতে থাকতেন। বর্তমানে তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মামুন কাজের কথা বলে তার কাছ থেকে এক হাজার টাকা নেন। বিকেলে ফোনে জানান, শরীর খারাপ থাকায় কাজে যাননি এবং আড়ানীতে অবস্থান করছেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ছাগল উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়