ছবি : আপন দেশ
কুষ্টিয়ার খোকসায় বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপ নগড় মন্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে আচমকা একটি ভ্যানের মুখোমুখি চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ ছাড়া আহত অন্তত ২৫ জনকে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, খোকসা থেকে আশঙ্কাজনক অবস্থায় যে চারজনকে এখানে আনা হয়েছিল, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। বাকি তিন পুরুষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক ভেহিক্যাল চালালেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































