Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৯, ১৮ মে ২০২৬

আপডেট: ১৮:৫০, ১৮ মে ২০২৬

গাইবান্ধায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

ফাইল ছবি, আপন দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। ওই সময় খালের পানি ব্যবহার করে কৃষকরা সেচ কাজে ব্যাপক সুবিধা পেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম।

সোমবার (১৮ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাটিকামারী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোঁদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হেদায়েতুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু।

আরও পড়ুন<<>>অবকাঠামো উন্নয়নে কালীগঞ্জে মাস্টারপ্ল্যান কনসালটেশন সভা

এছাড়াও জেলা বিএনপির সেক্রেটারি মাহমুননবী টুটুলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক বলেন, দীর্ঘদিন খাল খনন ও পরিচর্যা কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাটিকামারী এলাকায় সংযোগ খাল পর্যন্ত প্রায় ১.৪ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৬ লাখ ৪ হাজার ৭৮৭ টাকা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়