ছবি: আপন দেশ
বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- গড়মহাস্থান দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম (৫৪) ও বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়ার নাহিদুর রহমান (৩২)। ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি ভারতে পাচারের প্রস্তুতি চলছিল।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের গড়মহাস্থান এলাকায় একটি বাড়িতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। এ সময় একটি শয়নকক্ষের খাটের ওপর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন<<>>ঝুঁকিপূর্ণ ভবনে সরকারি অফিস, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইকবাল বাহার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত ঐতিহাসিক মূল্য ও উৎস যাচাইয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































