ছবি: আপন দেশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) ভোররাতে গরু চুরির সময় চোর চক্রের তিনজনকে আটক করে এলাকাবাসী। এসময় গণপিটুনিতে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
পরে বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিলো। এরই ধারাবাহিকতায় রোববার ভোর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগমারা-বাঘচালা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে মাইকিং ও চিৎকার দিয়ে আশপাশের মানুষকে জড়ো করে চারদিক থেকে চোরদের ধাওয়া দেয়।
স্থানীয়রা জানান, চোরচক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণধোলাই দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা চোরদের বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ট্রাকটি আগুনে পুড়ে যায়।
আরও পড়ুন<<>>গাজীপুরে ৫ হত্যা, পলাতক ফোরকানকে আসামি করে মামলা
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গরু চুরি করতে আসা সন্দেহে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকেও আগুন দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গরু চুরি নিয়ে উত্তেজনা ও গণপিটুনির ঘটনা বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানালেও এমন ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগ তৈরি করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































