Apan Desh | আপন দেশ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় ‘হত্যা’

নড়াইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৪, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৪২, ২৯ মার্চ ২০২৬

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় ‘হত্যা’

ফাইল ছবি

নড়াইলে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন ।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকার ঘটনা এটি। নিহত নাহিদ সর্দার (৩৩) স্থানীয় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম (২৭) তুলারামপুর গ্রামের জহুরুল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকচালক সুজাত তেল না পেয়ে নাহিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে কাজ শেষে নাহিদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকটি তাকে ধাওয়া করে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘাতক চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন বলেন, সুজাত নামের এক ট্রাকচালক পাম্পে তেল নিতে আসে। তেল না থাকায় তাকে আমরা দিতে পারিনি। এ নিয়ে নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ট্রাকচালক রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না; তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।

পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, ‘নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে চালক পাম্পেই অবস্থান করছিল। রাত আনুমানিক সোয়া ২টা দিকে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। এ সময় সুজাতও ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়। এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাশিয়ার জসিমউদ্দীন ভাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই, গিয়ে দেখি নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে চলে যাচ্ছে চালক।

এ ঘটনায় নাহিদ ঘটনাস্থলেই নিহত হয় এবং জিহাদুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নড়াইল থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া বলেন, পাম্পসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে তেল নিয়ে বিতণ্ডা থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবুও পূর্বের কোনো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নাহিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার পক্রিয়া ও তদন্ত চলমান আছে, দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement