ছবি: আপন দেশ
নরসিংদীর মাধবদীতে বান্ধবীদের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে মেঘলা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকালে কাঁঠালিয়ার ফজুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মেঘলা আক্তার মাধবদীর ফজুরকান্দি গ্রামের প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে মেঘলা তার দুই বান্ধবীদের সঙ্গে স্থানীয় ‘বালুর পুকুর’ হিসেবে পরিচিত একটি পুকুরপাড়ে টিকটক ভিডিও তৈরি করতে যায়।
ভিডিও করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরের গভীর পানিতে পড়ে যায়। এসময় বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও মেঘলার কোনো খোঁজ মেলেনি।
খবর পেয়ে মাধবদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে পুকুরের প্রায় ২০ ফুট গভীর থেকে মেঘলার নিথর দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন <<>> ‘তেল নাই’ লেখা পেট্রোল পাম্পে মিলল ২৫০০ লিটার তেল
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুকুরের তলদেশ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষে উপস্থিত স্থানীয় জনতা ও মৃতের খালার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































