ছবি : আপন দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে যেসব নেতা-কর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তাদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সদ্যঘোষিত কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যাদের বিরুদ্ধে চাকরিজীবী হওয়া, চাটুকারিতা ও সুবিধাবাদী ভূমিকার অভিযোগ রয়েছে। ২০ সদস্যের কমিটির মধ্যেই ১২জন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন<<>>পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি
তাদের নেতৃত্বে রাখা হলে ত্যাগী নেতা-কর্মীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবুল, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক কেলে। এ ছাড়া স্থানীয় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































