Apan Desh | আপন দেশ

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৮, ১৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ফাইল ছবি, আপন দেশ

ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। দেশটির বিভিন্ন শহরের পথে পথে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এ সময় হুড ও মাস্ক পরা লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্যারিসের কেন্দ্রস্থলের প্লাস দ্য লা রিপাবলিক চত্বর ও এর আশেপাশের রাস্তায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে।

দক্ষিণাঞ্চলীয় মার্শেই শহরে বিক্ষোভকারীরা টাউন হল ঘেরাও এবং শহরের বাণিজ্যিক এলাকার দোকানপাট লুটপাট করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। অন্যদিকে লিওঁতে স্থানীয় পর্যটন অফিসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন<<>>হুথিদের দখলে তাইজের একাধিক জেলা

এদিন স্থানীয় সময় দুপুরের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে ১৪০টি বিক্ষোভের ঘটনা রেকর্ড করেছে। যাতে ৩২ হাজার ৮০০ জন অংশ নেন। মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশজুড়ে ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবারের এ বিক্ষোভের আগে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলগুলোর শোচনীয় পরিবেশের প্রতিবাদে বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভগুলোতে অংশ নেয়া কিছু শিক্ষার্থী পুলিশের হাতে গুরুতর জখম হওয়ার অভিযোগ করেছে। এর মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরীর হাত হারানোর ঘটনাও রয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ২০১৮ সালে দেশব্যাপী আন্দোলনে নামা ফ্রান্সের ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরাও এ বিক্ষোভে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। বিক্ষোভের আগের দিন শুক্রবার (১৬ অক্টোবর) দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ব্রাসেলসে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, বিক্ষোভ করার এবং নিজের মতপ্রকাশ করার সাংবিধানিক অধিকার সবার রয়েছে। তবে এ অধিকারের সঙ্গে শ্রদ্ধা জানানোর বিষয়টিও জড়িত। মানুষের প্রতি সম্মান, সম্পত্তির প্রতি যত্ন এবং কাউকে অপমান বা কিছু ধ্বংস না করার দিকেও খেয়াল রাখা উচিত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়