Apan Desh | আপন দেশ

‘উদ্যোগ’ কর্মসূচির ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৫৪, ১৭ অক্টোবর ২০২৬

‘উদ্যোগ’ কর্মসূচির ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন

ছবি : আপন দেশ

উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে ‘উদ্যোগ’ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪ উপজেলা ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় আগামী ১ নভেম্বর থেকে এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট বিভাগের আটটি জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।

এসব উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন।

জেলাভিত্তিক আবেদনের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোনায়, ৫ হাজার ৩৫১টি। এছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে হবে।

আরও পড়ুন <<>> বিমা দাবির টাকায় নতুন পলিসি করলে ব্যবস্থা 

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ৫-এর মাধ্যমে জারি করা হয়। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে কর্মসূচিটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আপন‌ দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়