Apan Desh | আপন দেশ

বিমা দাবির টাকায় নতুন পলিসি করলে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:০১, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:০৫, ১৭ অক্টোবর ২০২৬

বিমা দাবির টাকায় নতুন পলিসি করলে ব্যবস্থা 

ফাইল ছবি, আপন দেশ

বিমা দাবির পুরো টাকা পরিশোধ না করে সে অর্থ থেকে একই বিমা কোম্পানির নতুন পলিসি করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ ক্ষেত্রে বিমাদারির অর্থ পরিশোধের সময়সীমা এবং নতুন পলিসি ইস্যুর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ১৫ অক্টোবর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে আইডিআরএ। এতে বলা হয়েছে, বিমাদারির সম্পূর্ণ অর্থ আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি বিমাদারির অর্থ পরিশোধের পর নির্দিষ্ট সময় পর্যন্ত একই বিমাগ্রহীতার অনুকূলে নতুন পলিসি ইস্যু করা যাবে না।

সার্কুলার অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ বিমাদাবির অর্থ ৯০ দিনের পরবর্তী আরও ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে সংশ্লিষ্ট বিমাগ্রহীতার অনুকূলে একই বিমা কোম্পানি পরিশোধের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ বিমাদাবির অর্থ ১২০ দিন বা এর বেশি সময় পর পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখের পরবর্তী ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিমাগ্রহীতার অনুকূলে একই বিমাকারী নতুন পলিসি ইস্যু করতে পারবে না। 

আরও পড়ুন<<>>কম শুল্কের পণ্যের আড়ালে কোটি টাকার শুল্ক ফাঁকি

তবে মেয়াদোত্তীর্ণ বিমাদাবির প্রাপ্য অর্থ আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট বিমাগ্রহীতার অনুকূলে নতুন পলিসি ইস্যুতে কোনো বাধা থাকবে না, সার্কুলারে এমন বিধানও রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমাদাবির অর্থ বিমাগ্রহীতার ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব কর্তন ছাড়া অন্য কোনো কর্তন করা যাবে না।

আইডিআরএ জানিয়েছে, জনস্বার্থে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। সার্কুলারে স্বাক্ষর করেছেন সংস্থাটির পরিচালক রকিবুর রহমান খান। 

আপন দেশ/কেএম/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়