Apan Desh | আপন দেশ

শেরপুরে ২৫ হাজার লিটার তেল মজুত, জরিমানা

শেরপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৭, ২৭ মার্চ ২০২৬

শেরপুরে ২৫ হাজার লিটার তেল মজুত, জরিমানা

ছবি: আপন দেশ

শেরপুর শহরে আবাসিক ভবনের নিচে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে। এ অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মজুত করা ২৫ হাজার লিটার তেল ও ট্যাংক দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নয়ানী বাজারের ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এর মালিক তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল দীর্ঘদিন ধরে খুচরা লাইসেন্সে আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ডিজেল মজুত করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্রও ছিল না।

আরও পড়ুন<<>> অবৈধ মজুত তেলের তথ্য দিলেই পুরস্কার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ অনিয়ম প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। পাশাপাশি একদিনের মধ্যে মজুত করা ২৫ হাজার লিটার তেল ও ট্যাংক সরিয়ে নেয়ার নির্দেশ দেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রিতে নিয়ম না মানায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। আবাসিক ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সব সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য লাইসেন্স যাচাই করে পরবর্তীতে আরও পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement