Apan Desh | আপন দেশ

সড়ক দুর্ঘটনা বাবা-ছেলে নিহত, সড়ক অবরোধ

শেরপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক দুর্ঘটনা বাবা-ছেলে নিহত, সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

শেরপুর-জামালপুর সেতুর দক্ষিণ পাশে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইসতিয়াক আহমেদ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ চেকপোস্টে ডিউটি করছিল। শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য পুলিশ সংকেত দেয়। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দেলোয়ার ও ইসতিয়াকের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা পাঁচ বছরের শিশু আবরার আহত হলেও বেঁচে গেছে।

আরও পড়ুন <<>> সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা কমান্ডার

দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। মরদেহ দুটি সড়কে রেখে অবরোধ গড়ে তোলা হয়। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

এদিকে শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে। তবে দুর্ঘটনাস্থল জামালপুর জেলায় হওয়ায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়