Apan Desh | আপন দেশ

ফলাফল শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফলাফল শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ছবি : আপন দেশ

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। কিন্তু নওগাঁয় ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল রাখার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। 

এদিন দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

অভিযুক্ত কর্মকর্তার নাম নাজিম উদ্দীন। তিনি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

আরও পড়ুন<<>>ভোট দিয়ে ভাই হত্যার বিচার চাইলেন হাদির বোন

প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী সূত্র জানায়, ভোটগ্রহণ চলাকালেই প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল মেরে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা সম্পন্ন করে তবেই ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার নিয়ম রয়েছে। ভোট শেষ হওয়ার আগেই স্বাক্ষর করে রাখাকে কারচুপির পূর্ব-প্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আমি আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, তা আমার জানা ছিল না।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন বলেন, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। এটি সুস্পষ্ট অনিয়ম। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার পরিবর্তে কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়