ছবি: আপন দেশ
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে বোদা উপজেলার কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শীতের সকাল উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। তবে কেন্দ্রগুলোতে ভিড় শুরু হয় তারও আগে থেকে। বোদা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোর থেকেই মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উৎসাহ ছিল সবচেয়ে বেশি। অনেক কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারীর সংখ্যা ছিল দ্বিগুণ।
বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। সেখানে নারীদের দীর্ঘ সারি মাঠ ছাড়িয়ে মূল ফটক পর্যন্ত পৌঁছে যায়। একই চিত্র দেখা গেছে মাড়য়া কমলাপুখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়াও নয়াদিঘী উচ্চ বিদ্যালয় ও ২৮ নং বাকডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
ভোট দিতে আসা ৫৫ বছর বয়সী মনোয়ারা বেগম বলেন, দেশের উন্নয়নের জন্য ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। পরিবেশ অনেক শান্ত ছিল। অনেক নতুন নারী ভোটারকেও প্রথমবার ভোট দিতে এসে উচ্ছ্বসিত হতে দেখা গেছে। তারা জানান, নিজেদের অধিকার নিশ্চিত করতেই তারা কেন্দ্রে এসেছেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাড়য়া কমলাপুখুরী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাকিরুল করিম জানান, নারীদের এ অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক। তিনি বলেন, নারীরা এখন অনেক সচেতন। তাদের জন্য আলাদা লাইন ও বিশেষ ব্যবস্থা থাকায় তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন।
পুরো নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































