ছবি : আপন দেশ
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের হকদি গ্রামের একটি গরুর খামার থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। বুধবার সকাল ১০টার দিকে হকদি গ্রামের ডা. সাহাব উদ্দিনের বাড়ির পাশে অবস্থিত একটি গরুর খামারে তল্লাশি চালানো হয়। খামারটির মালিক স্থানীয় যুবদল নেতা বদরুল আমীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, খামার মালিক বদর ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুইদিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানা ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































