ছবি: আপন দেশ
হারানো শখের মোবাইল ফোন ফিরে পাওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো। আর সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করা ৭৫টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়েছে।
রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সে জিডির সূত্র ধরে প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৭৫টি ফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এ ফোন হস্তান্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পুলিশের জনবান্ধব কাজের প্রতিফলন ঘটানো। অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ফোনগুলো যাচাই-বাছাই করে মালিকদের বুঝিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। তিনি বলেন, পুলিশ কেবল অপরাধ দমন নয়, বরং জনগণের সেবায় সবসময় নিয়োজিত। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এখন অনেক অসাধ্য সাধন করতে পারছি।
তিনি আরও বলেন, সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব। এ জন্য আরএমপির ফেসবুক পেজ ও হটলাইন নম্বর সবসময় খোলা থাকে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে ও নিয়মিত লেখাপড়া করছে কি না—এসব বিষয়ে নজরদারি রাখা জরুরি, যাতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। একই সঙ্গে যেসব অভিভাবক মাদকাসক্ত, তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মাদক থেকে দূরে থাকার আহবান জানান তিনি।
মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আরএমপির এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, প্রযুক্তিনির্ভর এ জনবান্ধব কার্যক্রমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) (চলতি দায়িত্বে) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































