Apan Desh | আপন দেশ

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সুসেন চন্দ্র সরকার

ময়মনসিংহের ত্রিশালে এক চাল ব্যবসায়ীকে নিজ দোকানের ভেতরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতের নাম সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা ও বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিজ দোকানেই কাজ করছিলেন সুসেন চন্দ্র সরকার। রাত ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মৃতদেহটি দোকানের ভেতরে ফেলে রেখে বাইরে থেকে শাটার বন্ধ করে দ্রুত পালিয়ে যায়।

নিহতের দীর্ঘক্ষণ কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বাজারে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে তারা দোকানের শাটার খুলে ভেতরে রক্তাক্ত অবস্থায় সুসেন সরকারকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুজন সরকার কান্নায় ভেঙে পড়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করছি। আমাদের জানামতে বাবার সঙ্গে কারও কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ঘাতকরা শুধু বাবাকে খুনই করেনি, দোকান থেকে কয়েক লাখ টাকাও লুট করে নিয়ে গেছে।

ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়