ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে বাহরাইনে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশি প্রবাসী কর্মী গিরিশ চন্দ্র সূত্রধর। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে তিনি নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে মরদেহ হস্তান্তর করেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গিরিশ চন্দ্রের সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী সময়ে ওয়ারিশ সনদ জমা সাপেক্ষে পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।
আরও পড়ুন <<>> যাত্রাবাড়ী অভিযানে গ্রেফতার ১৬
তিনি বলেন, বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে যথাযথভাবে নিবন্ধন করে বিদেশ যাওয়া উচিত। এতে প্রবাসে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়।
নিহত গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাহরাইনে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। বাণিজ্যমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































