ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও বোমা হামলার হুমকির মুখে পড়েছেন। কয়েক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। এবার হুমকি দেয়া হয়েছে ভারতের চেন্নাইয়ের তেনামপেট এলাকায় তার বাসভবনকে কেন্দ্র করে।
সম্প্রতি চেন্নাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ই-মেইল আসে, যেখানে দাবি করা হয় তৃষার বাড়িতে বোমা রাখা হয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় টেনামপেট থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল বোমা নিষ্ক্রিয়করণ দল (বিডিডিএস) এবং স্নিফার ডগ।
পরে পুরো বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে পুলিশ নিশ্চিত হয়, সেখানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। তদন্ত শেষে জানা যায়, এটি সম্পূর্ণ ভুয়া হুমকি ছিল।
এর আগেও দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা এ ধরনের হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি রজনীকান্ত, থালাপাতি বিজয়, অজিত কুমার ও ধানুশের বাসভবনেও বোমা হামলার হুমকি আসে, তবে প্রতিটি ঘটনাই পরে ভুয়া প্রমাণিত হয়। এবার একই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নাম।
আরও পড়ুন <<>> নববর্ষ উদ্যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া
উল্লেখ্য, এটি প্রথম ঘটনা নয়। গত বছরের অক্টোবরেও তিনি একই ধরনের বোমা হামলার হুমকি পেয়েছিলেন। স্বল্প ব্যবধানে এ ধরনের পুনরাবৃত্তিতে চেন্নাই পুলিশ প্রশাসন উদ্বেগে রয়েছে।
এ ঘটনার পর সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। কে এ উস্কানিমূলক ই-মেইল পাঠিয়েছে তা শনাক্ত করতে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জাল হুমকি রোধে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































