Apan Desh | আপন দেশ

‘জেড’ ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৫, ৩০ এপ্রিল ২০২৬

‘জেড’ ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক

ফাইল ছবি, আপন দেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তির ফলে এখন থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনও মার্জিন ঋণ সুবিধা পাবেন না। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

একই কারণে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংককেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব ব্যাংকের ক্ষেত্রেও শেয়ার ক্রয়ে ঋণ সুবিধা বন্ধ থাকবে। 

আরও পড়ুন<<>>বিএনপি আমলে শেয়ারবাজারে লুটপাট হয়নি, হবেও না: অর্থমন্ত্রী

এদিকে ক্যাটাগরি অবনমনের ঘোষণার প্রভাব পড়েছে শেয়ারদরে। দিনটির লেনদেন শুরুর দিকে ইসলামী ব্যাংকের শেয়ার দর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর কমে দুপুর ১২টার দিকে ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনও কোম্পানি ধারাবাহিকভাবে লভ্যাংশ দিতে ব্যর্থ হলে বিনিয়োগকারীদের আস্থা কমে যায়। যার সরাসরি প্রভাব পড়ে শেয়ারদর ও লেনদেনে। ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি সাধারণত কোম্পানির আর্থিক দুর্বলতার ইঙ্গিত বহন করে এবং এতে বিনিয়োগ ঝুঁকি বেড়ে যায়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়