ছবি: আপন দেশ
শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে শীতের প্রভাব। তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ সাধারণ জনসাধারণ। শীতের এমন পরিস্থিতিতে বাড়ছে শীতজনিত দুর্ভোগ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার আবরণ দেখা যায়।
এদিকে, শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় প্রখর রোদে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক ব্যবধানের কারণে রাত ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে।
আরও পড়ুন <> ঢাকার আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস দিল অধিদফতর
জেলার সদর, আটোয়ারী ও বোদা উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, ভোরের কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। অনেকে শীত থেকে বাঁচতে গায়ে জড়াচ্ছেন হালকা গরম কাপড়।
বোদা উপজেলার স্থানীয় ব্যবসায়ী রনি বলেন, দিনের বেলায় রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে ফজরের সময় বাইরে বের হলে বেশ শীত লাগে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































