ছবি : সংগৃহীত
শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের প্রথম বলেই উইকেট হারায় টাইগাররা। তারপর ধারাবাহিকভাবে একের পর এক ব্যাটারকে ফিরিয়ে দিতে থাকে প্রোটিয়ারা।
তবে তাওহীদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে বাংলাদেশ। হৃদয়ের ফিফটি ও লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করেছে দলটি।
রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছে মাহফিজুল ইসলাম রবিনের। তবে অভিষেকটা মোটেও সুখকর হয়নি তার। ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার বলে স্লিপে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি।
এরপর দ্বিতীয় ওভারে রাবাদার শিকার হন মুমিনুল হক। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ২৩ বলে ১২ রান করে শান্তও রাবাদার শিকার হন।
এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। লাঞ্চের আগে ফিফটি তুলে নেন তানজিদ। প্রথম সেশন শেষে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। তানজিদ ৮২ বলে ৫১ এবং হৃদয় ৪৩ বলে ২৩ রান নিয়ে অপরাজিত ছিলেন।
লাঞ্চের পরও ব্যাট হাতে প্রতিরোধ অব্যাহত রাখেন তানজিদ ও হৃদয়। তাদের ব্যাটে দলীয় সংগ্রহ একশ ছাড়ায়। তবে ১০৮ বলে ৬৭ রান করে রাবাদার বলে সাজঘরে ফেরেন তানজিদ। দলীয় ১২১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
আরও পড়ুন <<>> প্রথম বলেই সাজঘরে অভিষিক্ত মাহফিজুল
তানজিদের বিদায়ের পরের বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন মুশফিকুর রহিম। তাকেও ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন রাবাদা। বাংলাদেশের প্রথম পাঁচটি উইকেটই শিকার করেন এ প্রোটিয়া পেসার।
এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন হৃদয়। দুজনের ব্যাটিংয়ে আবারও স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। দারুণ সব শটে রান তুলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। অন্য প্রান্তে লিটনও খেলছেন সাবলীলভাবে।
দ্বিতীয় সেশন শেষে ৫৩ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৪ রান। ৬৬ রান নিয়ে অপরাজিত আছেন হৃদয়। লিটন দাস অপরাজিত রয়েছেন ৩০ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি উইকেটই শিকার করেছেন কাগিসো রাবাদা।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ড্যান পিটারসেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































