ফাইল ছবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম ও মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ খেলোয়াড়দের বিকাশ নিয়ে কাজ করবেন বুলবুল। তার দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে চায় লাহোর কালান্দার্স। বাংলাদেশেও নিজেদের ক্রিকেট কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে দলটির।
আরও পড়ুন <<>> আর্জেন্টিনা নয়, হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
ক্রিকেটার হিসেবে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসেও জায়গা করে নেন সাবেক এ ব্যাটার।
খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমেও যুক্ত হন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি)। সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি।
বুলবুলের এ নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনায় অভিজ্ঞ একজন সংগঠককে পাশে পেল লাহোর কালান্দার্স।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































