Apan Desh | আপন দেশ

আইসিসির সুখবর পেলেন হাসান-তামিমরা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৮, ২০ আগস্ট ২০২৬

আইসিসির সুখবর পেলেন হাসান-তামিমরা

ছবি: সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের পর আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন তামিম। সেঞ্চুরি করে ৮৪ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮৮তম স্থানে উঠেছেন তিনি।

ডারউইন টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। সে পারফরম্যান্সের সুবাদে তিনি নয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন।

শান্তর সঙ্গে উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। পাঁচ ধাপ এগিয়ে অভিজ্ঞ এ ব্যাটার এখন ৩১তম স্থানে রয়েছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। তিনি রয়েছেন ১৮তম স্থানে।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও পাঁচ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৩০তম স্থানে উঠেছেন।

সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে ৫৮তম স্থানে উঠে এসেছেন। মেহেদী হাসান মিরাজও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে রয়েছেন। তবে রানের খাতা খুলতে না পারায় লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শীর্ষস্থানেও। ডারউইন টেস্টের দুই ইনিংসে মাত্র ২২ ও ১৭ রান করার পর অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন। ফলে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের জায়গা পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি হয়েছে। ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মিরাজ। সে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন।

আরও পড়ুন <<>> শফিউল ইসলামের মা মারা গেছেন

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া এ পেসার একসঙ্গে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন তাইজুল ইসলাম। তিনি রয়েছেন ১১তম স্থানে। তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯তম এবং ইবাদত হোসেন চার ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন।

টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে না খেলেও তিনি তালিকার এক নম্বর জায়গা ধরে রেখেছেন।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। তার রেটিং ৩২০। অবস্থানের পরিবর্তন না হলেও মার্কো ইয়ানসেনের সঙ্গে ব্যবধান কমিয়েছেন তিনি। ইয়ানসেনের রেটিং ৩৪৪। ফলে ম্যাকাই টেস্টে ভালো পারফর্ম করতে পারলে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মিরাজের।

সব মিলিয়ে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় শুধু দলের আত্মবিশ্বাসই বাড়ায়নি, ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও বড় সাফল্য এনে দিয়েছে ক্রিকেটারদের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement