Apan Desh | আপন দেশ

ফাইনালের আগে নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৯, ১৭ জুলাই ২০২৬

ফাইনালের আগে নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি

ছবি: সংগৃহীত

চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ। তবে ফাইনালের আগে নিউইয়র্ক শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। এ কারণে শহরটিতে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। 

এতে নিউইয়র্ক ও আশপাশের এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে এ পরিবেশগত সংকট নতুন করে আলোচনায় এসেছে।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল।

স্টেডিয়ামটি নিউইয়র্ক সিটির কাছেই অবস্থিত। এরই মধ্যে কানাডা থেকে ভেসে আসা ধোঁয়ার কারণে পুরো অঞ্চলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহর ঢেকে ফেলেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বর্তমান পরিস্থিতি সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, প্রত্যেক মানুষই এর প্রভাব অনুভব করতে পারেন।

আরও পড়ুন <<>> গার্দিওয়ালার চোখে ফাইনালে স্পেনের ‘তুরুপের তাস’

তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বায়ুর মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার জন্যই ঝুঁকিপূর্ণ। যদি কেউ বাইরে দৌড়ানোর পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটা বাদ দেয়াই ভালো।

নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বায়ুদূষণ বিশেষজ্ঞ মাইকেল পেত্রোনি বলেন, এ মুহূর্তে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেয়া প্রায় ১০টি সিগারেট খাওয়ার সমান।

এ কারণে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বের হলে মাস্ক ব্যবহারেরও আহবান জানানো হয়েছে।

দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও এতে আক্রান্ত হয়েছে। খারাপ বায়ুর মানের কারণে শিকাগোতে হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের প্রীতি ম্যাচও স্থগিত করা হয়েছে। ফলে বিশ্বকাপ ফাইনালের আগে আবহাওয়া ও বায়ুর মান নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়